প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:৫২ এ এম

অনলাইন সংস্করণ

পুঠিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

রাজশাহী ,ব্যুরো চিফ 
রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে সয়াবিন ও সরিষার তেল মোড়কজাত এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৩০ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুঠিয়া উপজেলার ধোপাপাড়া ও মাইপাড়া বাজারে এ তদারকি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ধোপাপাড়া বাজারের সুইট গ্রুপ রাইকা ফুড এন্ড কনজুমার্স-কে অবৈধভাবে সয়াবিন ও সরিষার তেল মোড়কজাত করার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে মাইপাড়া বাজারের মেসার্স ফাহিম ট্রেডার্স-কে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বিপুল পরিমাণ নকল লেবেলও জব্দ করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ইব্রাহীম হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন