প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন পশুপাখি সংযোজন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। চিড়িয়াখানাটিকে আধুনিক, আকর্ষণীয় ও দর্শনার্থীবান্ধব করে গড়ে তুলতে সম্ভাব্যতা যাচাইসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের উদ্যোগ নিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
এ লক্ষ্যে শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. শাহজামান খান। এ সময় তাঁরা চিড়িয়াখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বিদ্যমান অবকাঠামো, পশুপাখির আবাসস্থল, ব্যবস্থাপনা ও উন্নয়নের সম্ভাব্য বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
পরিদর্শন শেষে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়ে আনার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নগরবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী চিড়িয়াখানাটিতে নতুন পশুপাখি সংযোজন এবং আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চিড়িয়াখানাটি পরিদর্শন করেছেন। এবার প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করলেন।
রাসিক প্রশাসক বলেন, ‘আমরা চাই রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে নতুনভাবে সাজাতে। নতুন পশুপাখি সংযোজনের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এটিকে নগরবাসী ও দর্শনার্থীদের জন্য আরও আকর্ষণীয় করে তোলা হবে।’
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার উন্নয়নে রাসিক প্রশাসক শুরু থেকেই উদ্যোগী ভূমিকা পালন করছেন। এর পরিপ্রেক্ষিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি টিম নিয়ে চিড়িয়াখানাটি পরিদর্শন করা হয়েছে।
তিনি বলেন, ‘চিড়িয়াখানাটির বর্তমান অবস্থা ও উন্নয়নের সম্ভাবনা যাচাই করে একটি ফিজিবিলিটি স্টাডি করা হবে। এর ভিত্তিতে কীভাবে এটিকে আরও আকর্ষণীয়, আধুনিক ও দর্শনার্থীবান্ধব করা যায়, সে বিষয়ে পরামর্শ দেওয়া হবে।’
মহাপরিচালক আরও বলেন, বিশ্বের আধুনিক চিড়িয়াখানাগুলো যেভাবে পরিচালিত ও ব্যবস্থাপনা করা হয়, সেই আদলে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পশুপাখির জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পাবে।
সংশ্লিষ্টরা জানান, সম্ভাব্যতা সমীক্ষার পর চিড়িয়াখানার উন্নয়ন ও আধুনিকায়নের বিষয়ে একটি সমন্বিত পরিকল্পনা নেওয়া হতে পারে। এতে নতুন পশুপাখি সংযোজনের পাশাপাশি পশুপাখির আবাসস্থল উন্নয়ন, চিকিৎসা ও পরিচর্যা ব্যবস্থা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।
পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) ড. মো. বজলুর রহমান, প্রকল্প পরিচালক ড. মো. সফিকুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী, রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতোয়ার রহমান,রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈনসহ প্রাণিসম্পদ অধিদপ্তর ও রাজশাহী সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন