প্রকাশিত: ১৫ আগষ্ট, ২০২৬, ০৯:২৬ এ এম

অনলাইন সংস্করণ

সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্যুরো চিফ, রাজশাহী
নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রৌধী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন—মো. তুহিন আলী (২৬)। তিনি সিংড়া উপজেলার রৌধী এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।
র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে চামারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রৌধী এলাকায় অভিযান চালায়। এ সময় নিয়াজ আলীর বসতবাড়ির পেছনে গ্রেপ্তার তুহিন আলীর পিতার দখলীয় খাস জমিতে তল্লাশি চালিয়ে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
র‌্যাব-৫-এর পক্ষ থেকে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, অস্ত্র, চোরাচালানসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।

মন্তব্য করুন