প্রকাশিত: ১৬ আগষ্ট, ২০২৬, ১১:১২ এ এম
অনলাইন সংস্করণ
ব্যুরো চিফ, রাজশাহী
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের সপুরা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
খাবার বিতরণের আগে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘদিন সংগ্রাম করেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ ও অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে বিএনপির নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের কল্যাণ ও একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দলীয় নেতৃত্বের দিকনির্দেশনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহীন ইকবাল ও ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সোবহান লিটন।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার। এ ছাড়া শাহ মখদুম থানা বিএনপির সদস্যসচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবার আলী জ্যাকি, সাবেক যুবনেতা রবিন-উল-হাসান জাহিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন