প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১১:৪৯ এ এম

অনলাইন সংস্করণ

তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হবে আগামী বছর

ব্যুরো চিফ, রাজশাহী
আগামী বছর থেকে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হবে বলে জানিয়েছে জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি, বৃক্ষরোপণ এবং পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
সভায় যোগদানের সময় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলনকে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পরিচিতি পর্ব শেষে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে মূল আলোচনা শুরু হয়।
সভায় সরকারের গত ছয় মাসের কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে অগ্রগতির বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল, অর্থ বরাদ্দ এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জানানো হয়, বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৯৩টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে এসব প্রকল্প বাস্তবায়নের জন্য মোট ৭ হাজার ৮৩২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রকল্পগুলোর মেয়াদ, বরাদ্দ ও বাস্তবায়নসংক্রান্ত বিস্তারিত তথ্য কমিটির সামনে উপস্থাপন করা হয়।
এ ছাড়া পদ্মা ব্যারাজ প্রকল্প ইতোমধ্যে একনেকের অনুমোদন পেয়েছে বলে সভায় জানানো হয়। ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়েও জোরালো আশ্বাস পাওয়ার কথা কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা, বরাদ্দকৃত অর্থের যথাযথ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং জনগণের জন্য পানি সম্পদ-সংক্রান্ত সরকারি সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং কমিটির সদস্য এ কে এম ফজলুল হক মিলন, এ ই সুলতান মাহমুদ বাবু, আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ্ ফরিদ, মুন্সী রফিকুল আলম, মো. ইজ্জত উল্লাহ্, মশিউর রহমান খান ও অলি উল্লাহ্ অংশ নেন।
এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার মহাপরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন