প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ১২:০৬ এ এম

অনলাইন সংস্করণ

উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী ব্যুরো
অসুস্থ ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকার পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। এ সময় পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন মন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানান।

অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, কয়েক দিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন ভূমিমন্ত্রী। সেখানে তাকে দেওয়া ওষুধের ব্যবহারে কোনো ধরনের ত্রুটি-বিচ্যুতি হয়ে থাকতে পারে, যার কারণে তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় বলে ধারণা করা হচ্ছে। এ কারণে গত কয়েক দিন ধরে তাকে রক্ত দিতে হচ্ছিল।

তিনি আরও বলেন, দুই দিন আগে প্রধানমন্ত্রী রাজশাহী সফরে এলে অসুস্থতা সত্ত্বেও ভূমিমন্ত্রীকে সেখানে উপস্থিত থাকতে হয়। এতে তার ওপর শারীরিক চাপ পড়ে। এ সময় রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখেন। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পিজি হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, রাজশাহীবাসী ও দলের পক্ষ থেকে মহান আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে মন্ত্রীর সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।

এ বিষয়ে ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন বলেন, উন্নত চিকিৎসার জন্য মন্ত্রীকে রাজশাহী থেকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেই তার পরবর্তী চিকিৎসা চলবে।

বিমানবন্দরে মন্ত্রীকে নিয়ে যাওয়ার সময় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন