প্রকাশিত: ২১ অক্টোবার, ২০২৬, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে তাৎক্ষণিকভাবে বদলির নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন জারির পরপরই বিভাগীয় কমিশনার ইউসুফ আলী রাজশাহী ত্যাগ করেছেন বলে জানা গেছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী সফর শেষে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার আগে উপস্থিত রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময়ের পর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রটোকল ভেঙে তাঁর দিকে ঝুঁকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এর পরপরই তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে বদলির আদেশ জারি করা হয়।
তবে বিভাগীয় কমিশনারের বদলির আদেশে এ ঘটনার কোনো উল্লেখ রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে তাঁর বদলির সঙ্গে বিমানবন্দরের ওই ঘটনার সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ঢাকার বাইরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে সফরে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল পৌনে ৯টার দিকে তিনি ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে যাত্রা করেন। রংপুরে কর্মসূচি শেষ করে তিনি রাজশাহীতে আসেন। সেখানে নির্ধারিত কর্মসূচি সম্পন্ন করে সন্ধ্যায় চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের দিনই বিভাগীয় কমিশনারের আকস্মিক বদলির আদেশ প্রশাসনিক মহলে আলোচনার সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন