প্রকাশিত: ২১ অক্টোবার, ২০২৬, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আমদুড়ি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫)।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব ককটেল উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আমদুড়ি এলাকার একটি নির্দিষ্ট স্থানে ককটেলগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার তথ্য পাওয়া যায়।
পরে এসআরবি-৫-এর একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে লাল টেপে মোড়ানো ৬৪টি এবং কালো টেপে মোড়ানো ৩৯টি—মোট ১০৩টি তাজা ককটেল উদ্ধার করে।
উদ্ধার করা ককটেলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে এসব ককটেল কারা, কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।
মন্তব্য করুন