প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৯:৫৩ এ এম

অনলাইন সংস্করণ

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ১৮৬ বোতল ভারতীয় মাদকদ্রব্য জব্দ

ব্যুরো চিফ, রাজশাহী
রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে ১৮৬ বোতল ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের দিকনির্দেশনা অনুযায়ী সীমান্তপথে অবৈধ চোরাচালান, মাদকদ্রব্য এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, চারঘাট থানার মুক্তারপুর নদীর পাড়ের বালুরঘাট এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।
তথ্যের ভিত্তিতে বিজিবির আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তারা দেখতে পায়, দুই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। তাদের মধ্যে একজনের মাথায় একটি বস্তা ছিল। বিজিবি সদস্যরা তাদের আটক করতে ধাওয়া করলে বস্তাটি ফেলে দুজনই পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত বস্তাটি তল্লাশি করে এর ভেতর থেকে ১৮৬ বোতল ভারতীয় ‘Triprolidine Hydrochloride & Codeine Phosphate Eskuf Syrup’ জব্দ করেন। জব্দ করা মাদকদ্রব্যগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, মাদকদ্রব্যের চালানটির সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন