প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৯:৫৪ এ এম
অনলাইন সংস্করণ
ব্যুরো চিফ, রাজশাহী
রাজশাহী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৬ আগস্ট) ভোররাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর খানপুর, বিদিরপুর ও শাহাপুর বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্র জানায়, মহাপরিচালকের নির্দেশনায় সীমান্তপথে চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধে রাজশাহী ব্যাটালিয়নের সদস্যরা গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করেছেন। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়।
ভোররাত ১২টা ৪০ মিনিটের দিকে খানপুর বিওপির একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাটাখালী থানার খানপুর হঠাৎপাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে কাউকে না পেলেও পাটক্ষেতের মধ্যে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে তল্লাশি চালানো হয়। ব্যাগটি থেকে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়। জব্দকৃত পণ্য রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এরপর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বিদিরপুর বিওপির একটি দল গোদাগাড়ী থানার মাদ্রাসার মোড় নদীর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অবস্থান নেওয়া বিজিবি সদস্যরা দেখতে পান, কাঁধে ব্যাগ নিয়ে এক ব্যক্তি নৌকাযোগে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে। বিজিবি সদস্যরা তাকে আটক করার চেষ্টা করলে ওই ব্যক্তি ব্যাগ ফেলে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ৪২ বোতল ভারতীয় ‘ক্যাপ্টেন’ মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদক গোদাগাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ছাড়া ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে শাহাপুর বিওপির আভিযানিক দল কাটাখালী থানার শ্যামপুর বালুরঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় সাইকেলযোগে আসা এক ব্যক্তিকে থামানোর চেষ্টা করা হলে সে সাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পড়ে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশি করে আরও ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স এবং একটি পুরোনো বাইসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবি জানিয়েছে, এসব ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন