প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৮:২২ পিএম

অনলাইন সংস্করণ

বৃষ্টিতে ভিজেই জন্মাষ্টমীর শোভাযাত্রায় সিটি প্রশাসক রিটন

উৎপল কুমার সরকার
মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে ভক্তদের সঙ্গে পদযাত্রায় অংশ নিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তাঁর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৃষ্টিভেজা শোভাযাত্রায় তৈরি হয় বাড়তি উৎসাহ-উদ্দীপনা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, রাজশাহী মহানগর কমিটির উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। নগরীর হনুমানজি আখড়া থেকে শোভাযাত্রাটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রার শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, ধর্মীয় উৎসবগুলো পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধির অন্যতম মাধ্যম। রাজশাহীর দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শোভাযাত্রা শুরু হওয়ার পরপরই বৃষ্টি নামে। কিন্তু বৃষ্টি কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। প্রশাসক রিটন বৃষ্টিতে ভিজেই আয়োজক ও ভক্তদের সঙ্গে শোভাযাত্রায় অংশ নেন। একইভাবে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভক্তরাও বৃষ্টিতে ভিজে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর আনন্দ-উৎসবে অংশ নেন।
শোভাযাত্রায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর কমিটির সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু, সাধারণ সম্পাদক অশোক কুমার সাহাসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
হনুমানজি আখড়া থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি সাহেববাজার মণিচত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, রাজারহাতা, বাটার মোড় বাণীবাজার ,সাগরপাড়া ও আলুপট্টি হয়ে পুনরায় হনুমানজি আখড়ায় গিয়ে শেষ হয়। বৃষ্টিতে ভিজে ভক্তদের পদযাত্রায় নগরীর রাজপথ হয়ে ওঠে উৎসবমুখর। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে পালিত হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।

মন্তব্য করুন