প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ১০:৪৮ এ এম

অনলাইন সংস্করণ

এমপির উপস্থিতিতে দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি

রাজশাহী, ব্যুরো চিফ
রাজশাহীর দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে ছাত্রদলের নেতাদের বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি এবং চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুর্গাপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে আয়োজিত এ সমাবেশে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, উপজেলা বিএনপির নেতাদের বক্তব্য শেষে প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বক্তব্য দিচ্ছিলেন। এ সময় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট অঙ্গসংগঠনের নেতাদের বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।
এ নিয়ে সমাবেশস্থলে উপস্থিত বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা, ধাক্কাধাক্কি এবং চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে সমাবেশের পরিবেশ কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে।
দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল বলেন, বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়াকে কেন্দ্র করেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজনা দেখা দিলে সংসদ সদস্য নিজেই হট্টগোলে জড়িত নেতাকর্মীদের বক্তব্য দেওয়ার আহ্বান জানান। তবে তাঁর আহ্বানে সাড়া না দিয়ে কয়েকজন সমাবেশস্থলে ধাক্কাধাক্কি ও চেয়ার ছোড়াছুড়ির মতো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সমাবেশের কার্যক্রম স্বাভাবিক করা হয়।

মন্তব্য করুন