প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ
খাইরুল ইসলাম, নিকলী প্রতিনিধি
গৌরব, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ৪৮ বছর পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কিশোরগঞ্জের নিকলী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নিকলী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি গার্লস স্কুল মোড়, প্রস্তাবিত বীর বিক্রম চত্বর, নিকলী নতুন বাজার ও ঈদগাহ মোড় প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নিকলীর প্রধান সড়কগুলো মুখর হয়ে ওঠে। বাদ্যযন্ত্রের তালে তালে বিভিন্ন স্লোগানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীদের কণ্ঠে ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই কর’, ‘কে বলেরে জিয়া নাই, জিয়া আছে বাংলায়’ এবং ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।
পরে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাজী বদরুল মোমেন মিঠু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী-বাজিতপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদা।
এ ছাড়া উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সহসভাপতি মো. সাইফুল ইসলাম, নিকলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মো. মোজাম্মেল হক আবীর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্যসচিব ও উপজেলা বিএনপির সহসভাপতি চান্দালী মেম্বার, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. সাইফুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম লিটন ও প্রিন্স মাহমুদ তুহিন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শরিফুল হক, দামপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, জারুইতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. জাকির হোসেনসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, জনগণের অধিকার এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে দলটির রাজনৈতিক ভূমিকা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এহসানুল হুদা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যাত্রা শুরু হয়। দলটি ১৯ দফা কর্মসূচিকে ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়ে দেশের রাজনীতিতে একটি নতুন রাজনৈতিক ধারার সূচনা করে।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি জনগণের অধিকার, গণতন্ত্র ও জাতীয় স্বার্থের প্রশ্নে রাজনৈতিক ভূমিকা রেখে আসছে। শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ধারণ করে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়া দীর্ঘদিন দলটির নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে বিএনপি বিভিন্ন সময়ে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি আজও জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে ঐক্যবদ্ধ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ও দেশের উন্নয়ন-সমৃদ্ধির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠার ঘোষণা দেন। দলটির প্রতিষ্ঠার সঙ্গে ১৯ দফা কর্মসূচির বিষয়টি ঐতিহাসিকভাবে যুক্ত, যেখানে জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক স্বনির্ভরতা, বিকেন্দ্রীকরণ ও যুবশক্তিকে জাতি গঠনে কাজে লাগানোর মতো বিষয় গুরুত্ব পেয়েছিল।
নিকলীর কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শোভাযাত্রায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি আলাদা মাত্রা পায়।
বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জনগণের গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন, সামাজিক ন্যায়বিচার ও দেশের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে দায়িত্বশীল রাজনৈতিক চর্চা অব্যাহত রাখা প্রয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের মধ্য দিয়ে নেতাকর্মীরা দলীয় আদর্শে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।।।
মন্তব্য করুন