প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:১৯ পিএম

অনলাইন সংস্করণ

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী

শাহিন, রাজশাহী প্রতিনিধি
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু বলেছেন, আমাদের কাছে দেশ বড়ো, দল বড়ো, বিএনপি দেশটি গড়তে জানে এবং নেতৃত্বকে সঠিক সম্মান দিতে জানে। দলের চেয়ারম্যানের নির্দেশ রয়েছে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল ওয়ার্ডে মহিলা কাউন্সিলর সহ মেয়ের পদে এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন মেম্বার-চেয়ারম্যান সহ সব পদেই সমাধানের মাধ্যমে স্থানীয়ভাবে বসে সারাদেশে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু (এমপি)।

এসময় তিনি আরও বলেন, মাদক হচ্ছে দেশের শত্রু, জাতির শত্রু, যারা মাদক নিয়ে আসছে, মূল যারা চোর এবং মাদকের সাথে জড়িত তাদেরকে আপনারা পুলিশের কাছে ধরিয়ে দেন এবং আমরাও চাচ্ছি তাদেরকে কঠোর হস্তে দমন করতে। 

সেই সাথে ভূমিমন্ত্রী আরও বলেন, যারা ভূমি দস্যু রয়েছে তাদের কে উচ্ছেদ করে দেওয়া হবে। জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। দেশের শান্তিশৃঙ্খলা সুনিশ্চিত করা হবে এতে কেউ মব সৃষ্টি করার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে বলেও জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। 

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন রাজশাহী মহানগর বিএনপি'র কার্যালয়ের সামনে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর সংরক্ষিত মহিলা আসনের এমপি মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপি'র সভাপতি মামুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন সহ জেলা ও মহানগর বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

মন্তব্য করুন