প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
উৎপল কুমার সরকার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) পার্ক ও ভদ্রা লেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
এ সময় রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির প্রায় এক মণ মাছ লেকে ছাড়া হয়। একই সঙ্গে আরডিএ পার্ক এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন আরডিএ চেয়ারম্যান।
আয়োজকেরা জানান, জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মাধ্যমে স্থানীয় জলজ সম্পদ ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক মিনু, মহানগর যুবদলের সদস্য বিপ্লব রহমান নাইম, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কাইসার জামান শুভসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ ও জলজ সম্পদ সংরক্ষণে সামাজিকভাবে সচেতনতা তৈরিও জরুরি। মাছের উৎপাদন বৃদ্ধি ও জলাশয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য করুন