প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ
ব্যুরো চিফ, রাজশাহী
আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ছাড়াই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, নির্বাচন হবে সম্পূর্ণ নির্দলীয়ভাবে। তবে স্থানীয় পর্যায়ে আলোচনা করে একক প্রার্থী বাছাই করে তাকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করতে হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর কেশরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মিলন বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামী স্থানীয় সরকার নির্বাচনে ধানের শীষসহ কোনো দলীয় প্রতীক থাকবে না। স্থানীয়ভাবে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী নির্বাচন করে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কেশরহাট পৌরসভাকে আধুনিক ও পরিকল্পিত পৌরসভায় রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ থাকবে না; শিক্ষা ও জনসেবার মানোন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে। এলাকার মা-বোনদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্কুল-কলেজ, রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশরহাট বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে কেশরহাট উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলোর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য আবু হেনা কামরুজ্জামান। সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান।
সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন