প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৯:৫৯ এ এম
অনলাইন সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর গুণগত মানসনদ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে একটি বেকারি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ জরিমানা করা হয়।
অভিযানকালে দেখা যায়, ছোটবনগ্রাম এলাকার আলামিন ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই বিস্কুট ও পাউরুটি উৎপাদন এবং বাজারজাত করে আসছিল। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত হচ্ছিল।
এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য প্রতিরোধ এবং ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মন্তব্য করুন