প্রকাশিত: ৪৮ মিনিট আগে, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী ব্যুরো
সমাজ থেকে ফাঁকিবাজি, দুর্নীতি ও অনিয়ম দূর করতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদেরই নিতে হবে বলে মন্তব্য করেছেন পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
শুক্রবার দুপুরে রাজশাহীর মোহনপুর উপজেলার লালইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশের ওপর গুরুত্বারোপ করে এমপি মিলন বলেন, বর্তমান সরকার চাহিদা ও জ্ঞানভিত্তিক কারিগরি শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি ভাষা শিক্ষার পাশাপাশি নিজ নিজ ধর্মীয় মূল্যবোধ ও অনুশাসন সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ নিশ্চিত করতে হবে। মুসলিমসহ সব ধর্মের শিশুরা যেন নিজ নিজ ধর্মীয় শিক্ষা ও চর্চার সুযোগ পায়, সেদিকে নজর দিতে হবে। একই সঙ্গে শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে খেলাধুলা, সংগীত ও কবিতা আবৃত্তির মতো সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর প্রয়োজন রয়েছে।
দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদ ও উর্বর মাটিতে সমৃদ্ধ একটি দেশ। অথচ ঔপনিবেশিক শাসনামলে এ দেশের সম্পদ লুণ্ঠন করে অন্যদের স্বার্থে ব্যবহার করা হয়েছে। দেশকে প্রকৃত অর্থে সমৃদ্ধ ও সোনার বাংলায় পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ ব্যবহারের বিষয়ে এমপি মিলন বলেন, বিদ্যালয়ের ভবন, খেলার মাঠ, বেঞ্চ, চক, ডাস্টারসহ সব উপকরণ শিক্ষার্থীদের কল্যাণের জন্য। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি কার্যক্রমে শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
প্রাথমিক শিক্ষার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত হয়ে যথাযথভাবে পাঠদানে মনোযোগী হতে হবে। শ্রেণিকক্ষে পাঠদানের পরিবর্তে ব্যক্তিগত কাজ কিংবা অন্যান্য কাজে ব্যস্ত থাকার যে অভিযোগ রয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষার্থীরা যেন যথাযথ শিক্ষা ও পরিচর্যা পায়, তা নিশ্চিত করা শিক্ষকদের অন্যতম প্রধান দায়িত্ব।
নিজ এলাকার উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, গোরস্থান ও মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে প্রত্যেককে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে হবে। সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সমাজ থেকে দুর্নীতি, অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ আমন্ত্রিত অতিথিদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা করতালির মাধ্যমে স্বাগত জানিয়ে অনুষ্ঠানস্থলে নিয়ে যায়। পরে প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
লালইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতবার্ষিকী উদযাপন কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক খলিলুর রহমান শেখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুস সামাদ, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার ও আব্দুল কাদের মোল্লা, মোহনপুর উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু এবং মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানসহ অন্যান্য অতিথি।
মন্তব্য করুন