প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৭:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

রাজশাহীতে পরিবেশবান্ধব ‘গ্রিন বিল্ডিং’ নির্মাণের উদ্বোধন

ব্যুরো চিফ, রাজশাহী

বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি)-এর আওতায় রাজশাহীতে পরিবেশবান্ধব ‘গ্রিন বিল্ডিং’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের শহীদ জিয়া শিশু পার্কের সামনে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় তিনি ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন।
রাসিকের বাস্তবায়নে নির্মাণাধীন ভবনটির আয়তন ৩ হাজার ৭৫ দশমিক ৪২ বর্গফুট। পাঁচতলা ভিত্তির ওপর নির্মিত হবে দুইতলা ভবনটি। এর নিচতলায় থাকবে দোকানঘর এবং দ্বিতীয় তলায় হলরুম, কমিউনিটি স্পেস ও ব্রেস্টফিডিং কর্নার রাখার পরিকল্পনা রয়েছে। ভবনটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৫৪ হাজার ৩৪৪ টাকা।
রাসিকের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ভবনটি পরিবেশবান্ধব হলোব্লক ব্যবহার করে নির্মাণ করা হবে। ভবনের বিদ্যুৎ চাহিদার একটি অংশ পূরণে নিজস্ব সোলার প্যানেল স্থাপন করা হবে। সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ ভবনের আলোকায়নে ব্যবহারের ব্যবস্থা থাকবে। সংশ্লিষ্টদের দাবি, উত্তরাঞ্চলে এ ধরনের এটি প্রথম গ্রিন বিল্ডিং।
ভবনটিতে তাপ নিয়ন্ত্রণে বিশেষায়িত গ্লাস ব্যবহার করা হবে। পাশাপাশি ছাদে তাপরোধী রঙের কোটিং দেওয়া হবে, যা ভবনের অভ্যন্তরীণ তাপমাত্রা তুলনামূলকভাবে কম রাখতে সহায়তা করবে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য পৃথক টয়লেট ও লিফটের ব্যবস্থা রাখা হয়েছে।
এ ছাড়া ভবনের সামনের অংশে ভার্টিক্যাল গার্ডেনিং করা হবে। এর মাধ্যমে ভবনের নান্দনিকতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশবান্ধব নির্মাণব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধন শেষে ভবনের সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মো. মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দিন আরজু, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন