প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৪৪ এ এম

অনলাইন সংস্করণ

মাদকবিরোধী সচেতনতায় রাজশাহীর দুর্গাপুরে আলোচনা সভা

শাহিন, রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুর উপজেলার (১ নম্বর) নওপাড়া ইউনিয়নের নান্দিগ্রাম দারুস সালাম আলীম মাদ্রাসা মাঠে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে ইউপি এলাকার জনসাধারণের নিয়ে গতকাল বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বিকেলে এ সভার আয়োজন করা হয়।

নওপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চননদ সরকার। সভায় সভাপতিত্ব করেন নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী সরদার।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী সহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান অতিথি ইউএনও উম্মে হাবিবা ফারজানা মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, মাদকমুক্ত ভবিষ্যৎ গড়তে তরুণ প্রজন্মের সচেতনতার কোনো বিকল্প নেই। তাই আমাদের সবার সচেতন হতে হবে, মাদক কারবারিরা তরুণদের টার্গেট করে তাদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সবাই সচেতন থাকলে এদের উদ্দেশ্য সফল হবেনা।  শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার পরামর্শ দিয়ে শিখনিও গল্পের মধ্যে দিয়ে জনগণকে মাদকের কমুল সম্পর্কে বোঝানোর চেষ্টা করেন ইউএনও উম্মে হাবিবা। 

বিশেষ অতিথি ওসি পঞ্চননদ সরকার বলেন, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে সামাজিক আন্দোলন আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়াও জনগণের প্রশ্নের সুন্দর ব্যখ্যা দিয়ে সর্বসাধারণের মুখে প্রশংসিত হন তিনি। 

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী সরদার বলেন, নওপাড়া ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। মাদক প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় মাদকের ক্ষতিকর দিক, মাদকাসক্তির সামাজিক ও পারিবারিক প্রভাব এবং মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে সবাইকে সচেতন করা হয়। এ সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং জনসাধারণ সহ গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন