প্রকাশিত: ১২ আগষ্ট, ২০২৬, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
উৎপল কুমার সরকার
সরকারি অর্থের সঠিক ব্যবহার ও আর্থিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহীর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন। পবা উপজেলায় খাল খনন প্রকল্পের অব্যয়িত প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন তিনি।
সরকারি উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের অব্যয়িত অংশ ফেরত দেওয়ার এ উদ্যোগকে প্রশাসনিক সততা, জবাবদিহিতা ও জনস্বার্থের প্রতি দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, খাল খনন কার্যক্রমে বরাদ্দকৃত অর্থের মধ্যে ব্যয়ের পর অব্যয়িত থাকা অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার উদ্যোগ নেন ইউএনও ইবনুল আবেদীন। এতে সরকারি অর্থের অপচয় রোধের পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও সুদৃঢ় হয়েছে।
স্থানীয়ভাবে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকে বলছেন, সরকারি দায়িত্বে থাকা কর্মকর্তাদের সততা ও নিষ্ঠাই পারে রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে। নতুন বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের দায়িত্বশীল ও সৎ কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, পবা উপজেলায় ১৯৯১-১৯৯৬ মেয়াদে ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে বিষ্ণুপদ সাহাও খাল খনন কার্যক্রমের অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দিয়েছিলেন বলে জানা যায়। দীর্ঘ সময় পর একই ধরনের উদ্যোগ গ্রহণ করায় প্রশাসনিক মহলে বিষয়টি বিশেষভাবে প্রশংসিত হচ্ছে।
সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সরকারি কর্মকর্তাদের এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্যও দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল।
মন্তব্য করুন