প্রকাশিত: ১২ আগষ্ট, ২০২৬, ১২:০৩ পিএম

অনলাইন সংস্করণ

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের বাতিল হওয়া ভিসা পুনর্বহাল ও প্রবাসীদের সুরক্ষার দাবি

পলাশ চন্দ্র দাস, স্টাফ রিপোর্টার 
 সংযুক্ত আরব আমিরাতে কর্মরত এবং ছুটিতে বাংলাদেশে অবস্থানরত ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের স্বয়ংক্রিয়ভাবে বা বিভিন্ন জটিলতার কারণে বাতিল হওয়া ভিসা দ্রুত পুনর্বহাল, ভিসা নবায়ন প্রক্রিয়া সহজীকরণ এবং প্রবাসীদের সার্বিক নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবিতে  বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের  আব্দুস সালাম হলে ( ১১ আগস্ট ২০২৬)  মঙ্গলবার  সকাল ১১ টায়  এক  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
উক্ত সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশীদের পক্ষে প্রবাসী রেমিটান্স যোদ্ধা সংগঠনের সহকারি সম্পাদক  মোঃ শরিফ  মূল প্রবন্ধ পাঠ করেন এবং নেতৃবৃন্দরা  বলেন -  ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের বর্তমান পরিস্থিতি, ভিসা-সংক্রান্ত জটিলতা, কর্মসংস্থান হারানোর আশঙ্কা, আর্থিক ও পারিবারিক সংকট এবং এসব সমস্যা সমাধানে সরকারের চলমান কূটনৈতিক উদ্যোগের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তারা আরো বলেন,  বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতোমধ্যে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ এবং ক্ষতিগ্রস্ত প্রবাসীদের তথ্য সংগ্রহসহ ভিসা নবায়ন ও পুনর্বহালের উদ্যোগ গ্রহণ করেছে। সংবাদ সম্মেলন থেকে এসব চলমান উদ্যোগকে স্বাগত জানিয়ে তা আরও দ্রুত, কার্যকর ও ফলপ্রসূ করার আহ্বান  জানান। 
সংবাদ সম্মেলন শেষে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের দাবির প্রতি জনসচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে সম্মিলিতভাবে একটি র‍্যালি বের করেন।  র‍্যালিটি বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে প্রবাসী কল্যাণ ভবন হয়ে বাংলাদেশ সচিবালয়ে গিয়ে অবস্থান কর্মসূচির মাধ্যমে স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হয় এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে  অতি দ্রুততার সহিত তাদের সকল সমস্যার সমাধানের লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখার জন্য আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন