প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী ব্যুরো
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই ভুটভুটি (ভটভটি) রাস্তার পাশের খাদে পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর-চৌডালা সড়কের মিল্লিকমোড় এলাকার বুড়িপুকুর (পুসকুনি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কানসাট ইউনিয়নের গরু ব্যবসায়ী আয়েস উদ্দিন (৭০), তাঁর ছেলে শরিফুল ইসলাম (৪৪/৪৫) এবং একই এলাকার আব্দুল হামিদ (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নাচোল উপজেলার সোনাচণ্ডী গরুর হাট থেকে চারটি গরু কিনে ভুটভুটিতে করে বাড়ি ফিরছিলেন আয়েস উদ্দিন, তাঁর ছেলে শরিফুল ইসলামসহ কয়েকজন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভুটভুটিটি কানসাট-গোমস্তাপুর-চৌডালা সড়কের মিল্লিকমোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে যানটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় আয়েস উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলাম ও আব্দুল হামিদের মৃত্যু হয়।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আবুল হায়াত জানান, দুর্ঘটনার পর নয়জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন