প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী ব্যুরো
বন্যপ্রাণী সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাজশাহীতে অনুষ্ঠিত হচ্ছে ‘ওয়াইল্ডলাইফ অ্যাওয়ারনেস সায়েন্স ফেস্টিভ্যাল-২০২৬’। বাংলাদেশ অ্যানিমেলস অ্যালায়স ভলান্টিয়ার্স (BAAV)-এর উদ্যোগে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থী, তরুণ ও প্রকৃতিপ্রেমীদের বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন সেভ দ্য নেচার অ্যান্ড লাইফের চেয়ারম্যান মো. জিজানুর রহমান, রোটারিয়ান ডা. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান ভেটেরিনারিয়ান এবং মো. বদিউল আলম লিংকন ও এমবি আলম।
অনুষ্ঠানে বক্তব্যে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাঁদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা প্রয়োজন। দায়িত্ব গ্রহণের পর প্রায় তিন মাসে রাজশাহী নগরীতে প্রায় তিন হাজার গাছ লাগানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজশাহীকে আরও সুন্দর, প্রাণবন্ত ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।
আয়োজকরা জানান, নগরায়ণ, বন উজাড়, প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস, অবৈধ শিকার ও বন্যপ্রাণী পাচারের কারণে দেশের জীববৈচিত্র্য নানা হুমকির মুখে পড়েছে। এসব বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণ প্রজন্মকে বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রমে যুক্ত করতেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।
উৎসবে বন্যপ্রাণীর জীবনচক্র, প্রকৃতিতে তাদের ভূমিকা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণীদের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। পাশাপাশি বন্যপ্রাণী সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করা, প্রাণীর প্রতি মানবিক আচরণ এবং প্রকৃতি সংরক্ষণে নাগরিক দায়িত্বের বিষয়েও সচেতন করা হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, বিজ্ঞানভিত্তিক তথ্য ও সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে আগ্রহ বাড়বে। একই সঙ্গে প্রকৃতি ও প্রাণীর প্রতি দায়িত্বশীল আচরণের চর্চা তৈরি হবে এবং স্থানীয় পর্যায়ে সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার হবে।
উৎসবে সংশ্লিষ্ট সংগঠনের স্বেচ্ছাসেবক, পরিবেশ ও প্রাণীপ্রেমী, শিক্ষার্থী, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন। আয়োজকদের মতে, এ আয়োজন রাজশাহীতে বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণদের বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চা ও প্রকৃতিবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।
মন্তব্য করুন