প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১২:০৯ পিএম

অনলাইন সংস্করণ

রাসিকের সহযোগিতায় ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের ‘প্রকল্প শিকড়’

রাজশাহীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি শুরু

ব্যুরো চিফ, রাজশাহী
রাজশাহী মহানগরীকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের উদ্যোগে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সার্বিক সহযোগিতায় নগরীর ৩০টি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ‘প্রকল্প শিকড়’ নামের এ উদ্যোগের আওতায় নগরজুড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।
শুক্রবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও নগরজীবনকে আরও স্বাস্থ্যকর করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সারাদেশে বৃক্ষরোপণ কার্যক্রমকে এগিয়ে নিতে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী সিটি কর্পোরেশনও নগরীর বিভিন্ন এলাকায় প্রায় ২ লাখ ৫০ হাজার গাছের চারা রোপণের কার্যক্রম বাস্তবায়ন করছে।
তিনি বলেন, সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বৃক্ষরোপণে এগিয়ে এসেছে। সম্মিলিত এ উদ্যোগ অব্যাহত থাকলে আগামী দুই বছরের মধ্যে রাজশাহী মহানগরী আরও সবুজ হয়ে উঠবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রাজশাহীকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রাসিক প্রশাসক আরও বলেন, ঘোষিত ৩১ দফা রূপরেখার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ, ইমাম-মোয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম রয়েছে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, সহ-সভাপতি অমিত সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, রাজপাড়া থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মর্তুজা মিল্টনসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন