প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১২:০৯ পিএম

অনলাইন সংস্করণ

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আলোচনা সভা

পলাশ চন্দ্র দাস, স্টাফ রিপোর্টার 
বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন, ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি  আদায়ের লক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করেন। 
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনরত বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি-এর কেন্দ্রীয় কমিটির কাউন্সিল ( ৭ই আগস্ট -২০২৬)  শুক্রবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে সকাল ১১ টায়  অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এতে বাংলাদেশ রেলওয়ের আবদুল মালেক সভাপতি এবং ক্রীড়া অধিদপ্তরের আশিকুল ইসলাম মহাসচিব নির্বাচিত হন।
এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালীর মো. শাহাবুদ্দিন মুন্সী কার্যকরী সভাপতি, বাংলাদেশ রেলওয়ের মো. শাহীন খান সিনিয়র সহ-সভাপতি, ঢাকা ওয়াসার কাদের খান সিনিয়র যুগ্ম মহাসচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ইয়াসিন হাওলাদার ও প্রাণিসম্পদ বিভাগের মো. সোহেল রানা সাংগঠনিক সম্পাদক, মৎস্য অধিদপ্তরের আল-আমিন দপ্তর সম্পাদক, বাংলাদেশ বেতারের মোছা. এবি বেগম প্রচার ও প্রকাশনা সম্পাদক, ঢাকা মেডিকেলের আমেনা বেগম মহিলা বিষয়ক সম্পাদক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তাবাসসুম মীম অর্থ সম্পাদক নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল খালেক, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান মিজ তাসলিমা আখতার, বাংলাদেশ রেলওয়ের সহকারী সার্জন (ব্যাকটেরিওলজি) ডা. সাকিব শাহরিয়ার, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
কাউন্সিল ও আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং যমুনামুখী পদযাত্রায় আহত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সংহতি প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে আবদুল মালেক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্তানদের শিক্ষা, চিকিৎসা ব্যয় এবং পারিবারিক খরচ বৃদ্ধির কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চরম সংকটে রয়েছেন। দীর্ঘদিন নতুন পে-স্কেল বাস্তবায়ন না হওয়ায় তাদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, আগস্ট মাসের মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট জারি করে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায় সংগঠন সারাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
মহাসচিব আশিকুল ইসলাম বলেন, "নতুন পে-স্কেলের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ ১১ বছর আন্দোলন করতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এই আন্দোলনে অনেক কর্মকর্তা-কর্মচারী ত্যাগ স্বীকার করেছেন এবং যমুনামুখী পদযাত্রায় অনেকে আহত হয়েছেন। আমরা আহত সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি শ্রদ্ধা জানাই।"
তিনি আরও বলেন, “বর্তমান সরকারের কাছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনেক প্রত্যাশা রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দেশের সার্বিক আর্থ-সামাজিক বাস্তবতা বিবেচনায় সরকার দ্রুত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করবে বলে আমরা আশা করি। তবে আগস্ট মাসের মধ্যে গেজেট জারি না হলে সংগঠন পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বলে জানায়। 
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং তাদের বিভিন্ন সুবিধা ও সুবিধার কথা তুলে ধরেন। 
তাছাড়াও,  অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, বিভাগ, সিবিএ ও কর্মকর্তা-কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন