প্রকাশিত: ১৯ আগষ্ট, ২০২৬, ০১:৪৩ পিএম

অনলাইন সংস্করণ

কালজয়ী সংগীতশিল্পী রবি দে’র মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী রবি দে মারা গেছেন। দক্ষিণ-পূর্ব দিল্লির গোবিন্দপুরী এক্সটেনশনের নিজ বাসার বন্ধ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

গত ১৪ আগস্ট রাত ১১টার দিকে রবি দের বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা পুলিশ কন্ট্রোল রুমে (পিসিআর) ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রায় তিন দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। গত তিন বছর ধরে ওই বাড়িতে একাই বসবাস করছিলেন রবি দে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, বাড়ির প্রধান লোহার গেটটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল। ভেতরে প্রবেশের বিকল্প কোনো পথও ছিল না। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) মর্গে পাঠানো হয়। ১৬ আগস্ট ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তদন্তের অংশ হিসেবে রবি দের দুই ছেলে তর্জ দে ও রঙ্গন দের জবানবন্দি নিয়েছে পুলিশ। তারা দুজনই পেশায় সংগীতশিল্পী এবং দিল্লির লাজপত নগর-২ এলাকায় বসবাস করেন।

পুলিশের কাছে তারা জানান, বহু বছর আগে তাদের বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। কাজের ব্যস্ততার কারণে গত দুই-তিন দিন ধরে বাবার সঙ্গে তাদের যোগাযোগ হয়নি।

পুলিশের প্রাথমিক তদন্তে রবি দের মৃত্যুর ঘটনায় কোনো অন্তর্ঘাত বা ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৯৪ ধারার অধীনে ইনকোয়েস্ট বা তদন্ত কার্যক্রম শুরু করেছে পুলিশ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য করুন