প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:০৭ এ এম
অনলাইন সংস্করণ
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়নের সাদিরচর খেলার মাঠের উত্তর পাশে আগামী অর্থবছরে প্রোডাকশন হল নির্মাণ এবং মাঠটি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর–নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সাদিরচর খেলার মাঠে অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর বিগ মেগা ফাইনালে এ কথা জানান তিনি।
এ সময় শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, আগামী অর্থবছরে সাদিরচর খেলার মাঠের উত্তর পাশে একটি প্রোডাকশন হল নির্মাণ করা হবে। একই সঙ্গে মাঠের মাটি ভরাট করে সেটি আরও বড়, উঁচু ও ব্যবহার উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।
এর আগে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এতে সাদিরচর ফুটবল ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সরারচর নাবিল স্পোর্টিং ক্লাব। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি উপভোগ্য হয়ে ওঠে। শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধানে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে নাবিল স্পোর্টিং ক্লাব।
সাদিরচর ফুটবল ক্লাবের উদ্যোগে এবং সাদিরচরের যুব সমাজ, এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
১০ নম্বর গাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও গাজিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোস্তফা আমিনুল হক ভূঁইয়া, বাজিতপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোহাম্মদ ওয়াছ ভূঁইয়া, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহরিয়ার শামীম এবং গাজিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান বাচ্চু।
খেলাটির সার্বিক পরিচালনায় ছিলেন গাজিরচর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. নূর আলম ভূঁইয়া এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাদিরচর ফুটবল ক্লাবের প্রধান সমন্বয়ক আলমিন পিয়েল।
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে খেলায় চল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে সাদিরচর মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে দুই দলের জমজমাট লড়াই উপভোগ করেন।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের বিকাশ ঘটানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
স্থানীয়দের প্রত্যাশা, মাঠটি সম্প্রসারণ ও প্রোডাকশন হল নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে সাদিরচরে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজনের সুযোগ আরও বাড়বে।
মন্তব্য করুন