প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) বিভিন্ন সময়ে অভিযানে উদ্ধার করা ২৬টি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি ও ১ হাজার ৮১৮টি মুদ্রা বাংলাদেশ জাতীয় জাদুঘরে হস্তান্তর করেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এসব প্রত্নসম্পদ ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা বিভাগ, বাংলাদেশ জাতীয় জাদুঘর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করে।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি আর্টিলারী এসব প্রত্নসম্পদ বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালক মো. সাদেকুল ইসলাম ও কীপার মোহাম্মদ মনিরুল হকের নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধিদলের কাছে হস্তান্তর করেন।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার, অস্ত্র ও প্রত্নসম্পদ পাচারসহ বিভিন্ন ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে উদ্ধার হওয়া প্রত্নসম্পদ যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে বলা হয়, প্রত্নসম্পদ একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ নিদর্শন। প্রাচীন এসব নিদর্শনের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক মূল্য অপরিসীম। ফলে প্রত্নসম্পদের অবৈধ পাচার ও ধ্বংস রোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।
একই সঙ্গে মাদক, মানবপাচার, অস্ত্র ও চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন