প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ
বিজনেস ফাইল প্রতিবেদক
রাজধানীর মিরপুর-১ এলাকায় বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে রাতের আঁধারে হামলা, লুটপাট ও ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার আখতার হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধার ও জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গত বৃহস্পতিবার গভীর রাতে ভারী যন্ত্রপাতি (ভেকু) ব্যবহার করে ৫০ বছর ধরে গরিব ও অসহায় মা-শিশুদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসা এই প্রতিষ্ঠানটির একাধিক ভবন পুরোপুরি গুঁড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
হামলার সময় নৈশপ্রহরীদের মারধর করে বেঁধে রেখে আলট্রাসনোগ্রাম মেশিন, টিকাদানের সামগ্রী, জেনারেটর, এসি, ফ্রিজসহ বিভিন্ন মূল্যবান চিকিৎসা সরঞ্জাম লুট করা হয়। ধ্বংসযজ্ঞ শেষে হামলাকারীরা জায়গাটিতে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’-এর একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে যায়।
এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বাদী হয়ে স্থানীয় বিএনপি নেতা হানিফসহ ২০০-২৫০ জনকে আসামি করে শাহ আলী থানায় মামলা দায়ের করেছেন।
মামলার পর শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), মো. জিহাদ হাসান (২১) ও মো. রাব্বি (২০) নামের চারজনকে গ্রেপ্তার করে পুলিশ, যাদের ইতিমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। শাহ আলী থানার এত কাছে এমন একটি ভয়ংকর ধ্বংসযজ্ঞ কীভাবে ঘটল এবং এতে পুলিশের কোনো গাফিলতি বা অবহেলা ছিল কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। গভীর রাতে খবর পাওয়ার পর পুলিশ যথাসময়ে সেখানে উপস্থিত হয়েছিল কি না, সে বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।
মন্তব্য করুন