প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:১৬ পিএম

অনলাইন সংস্করণ

রাজশাহীতে দুই দিনব্যাপী ‘শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব’ শুরু

উৎপল কুমার সরকার
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ও নজরুল বর্ষ উপলক্ষে রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩’। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে নগরীর বনলতা আবাসিক এলাকায় অবস্থিত শাপলা কালচারাল স্কুলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
শাপলা কালচারাল স্কুলের আয়োজনে এবং শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। সকাল সাড়ে ১০টার দিকে সংগীত ও নৃত্যের মাধ্যমে তাঁকে বরণ করে নেওয়া হয়। পরে ফিতা কেটে তিনি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে শাপলা কালচারাল স্কুলের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. মোহসিন আলী।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি প্রেম, মানবতা, সাম্য ও সম্প্রীতির কবি। তাঁর সাহিত্য ও সংগীত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, বৈষম্য দূর করা এবং সুন্দর সমাজ গঠনে মানুষকে অনুপ্রেরণা দেয়।
তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সাংস্কৃতিক চর্চার সুযোগ করে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি গান, কবিতা, আবৃত্তি, নৃত্য ও সাহিত্যচর্চা শিশু-কিশোরদের সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম নজরুলের জীবন, দর্শন ও সৃষ্টিশীলতার সঙ্গে আরও গভীরভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে।
রাসিক প্রশাসক আরও বলেন, রাজশাহী শুধু শিক্ষানগরী নয়, সংস্কৃতি ও সৃজনশীলতারও গুরুত্বপূর্ণ কেন্দ্র। নগরীর সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করতে রাজশাহী সিটি করপোরেশন ইতিবাচক উদ্যোগের পাশে থাকবে।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার দীর্ঘ পথচলা ও বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
সভাপতির বক্তব্যে মো. মোহসিন আলী জানান, ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন ও কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সংস্কৃতিচর্চার প্রসারেও কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় ২০১০ সালে প্রতিষ্ঠিত শাপলা কালচারাল স্কুল স্থানীয় শিশু-কিশোরদের গান, নৃত্য, আবৃত্তি, চিত্রাঙ্কনসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে আসছে।
অনুষ্ঠানে শাহ মখদুম থানা বিএনপির সদস্যসচিব মো. নাসিম খান, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্যসচিব মাহফুজুল হাসনাইন হিকোল, আয়েশা হাজরা মডেল স্কুলের অধ্যক্ষ সানজিদা রহমানসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
উৎসব উপলক্ষে দুই দিনব্যাপী সংগীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।

মন্তব্য করুন