প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:১৭ পিএম

অনলাইন সংস্করণ

রাজশাহীর সীমান্তে ৫০০ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

রাজশাহী ব্যুরো
রাজশাহীর বাঘা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে বাঘা থানার মাহাদিপুর আমবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন মীরগঞ্জ বিওপির একটি আভিযানিক দল।
বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মীরগঞ্জ বিওপির আভিযানিক দল জানতে পারে, মাহাদিপুর আমবাগানে বিক্রির উদ্দেশ্যে কিছু মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে। তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমবাগানে তল্লাশি চালান।
তল্লাশির একপর্যায়ে আমগাছের গোড়ায় ঘাসের মধ্যে লুকানো একটি ছোট ব্যাগ দেখতে পান বিজিবি সদস্যরা। ব্যাগটি খুলে এর ভেতর থেকে ৫০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ সময় মাদকদ্রব্যের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা ট্যাপেন্টাডল ট্যাবলেট বাঘা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন