প্রকাশিত: ১৭ ঘন্টা আগে, ০৮:২৫ পিএম

অনলাইন সংস্করণ

জুমার নামাজ শেষে উপশহরে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচি

রাজশাহী ব্যুরো
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষে নগরীর উপশহর পানির ট্যাংকি মাঠে রাজশাহী জেলা পেশাজীবী দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল।
এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী জেলা শাখার সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপশহর করইতলা মসজিদের খতিব রুহুল আমিনসহ মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ শেষে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের অন্যতম দিক ছিল প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীলতা। প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং সমাজ ও অর্থনীতির টেকসই উন্নয়নে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ সুরক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন, আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর যে লক্ষ্য নেওয়া হয়েছে, তারই ধারাবাহিকতায় রাজশাহীতে এ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন