প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহী, ১০ সেপ্টেম্বর ২০২৬, চট্টগ্রামের হাটহাজারীতে ট্যাংক ফায়ারিং অনুশীলনকালে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সৈনিক তাসনিম রিফাতকে পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাদ জোহর রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
এর আগে সকাল ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে তাসনিম রিফাতের মরদেহ রাজশাহী সেনানিবাসে আনা হয়। সেখানে সামরিক আনুষ্ঠানিকতায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সড়কপথে মরদেহ তার গ্রামের বাড়ি বিন্দারামপুরে নেওয়া হলে শেষবারের মতো প্রিয়জনকে দেখতে স্বজন ও এলাকাবাসী ভিড় করেন। এ সময় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
বাদ জোহর বিন্দারামপুর গ্রামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সামরিক মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত তাসনিম রিফাত বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড কোরের ১৫ স্বতন্ত্র সাঁজোয়া স্কোয়াড্রনের সদস্য ছিলেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংকের ভেতরে একটি গোলা বিস্ফোরিত হলে তিনি ও আরও এক সেনাসদস্য ঘটনাস্থলেই নিহত হন।
তাসনিম রিফাতের বয়স হয়েছিল ২৮ বছর। মাত্র তিন বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মাকে হারান তিনি। এবার কর্মক্ষম ছেলেকে হারিয়ে শোকে নির্বাক হয়ে পড়েছেন তার বাবা আসাদুল ইসলাম। মৃত্যুকালে রিফাত স্ত্রী ও প্রায় আড়াই বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।
তরুণ এই সেনাসদস্যের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন