প্রকাশিত: ১৭ ঘন্টা আগে, ০৬:২৪ পিএম

অনলাইন সংস্করণ

শিবালয়ে মহাসড়কের পাশে মাংস বিক্রির দায়ে মামলা

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরঙ্গাইল হাটে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে খোলামেলা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বরঙ্গাইল হাট এলাকায় শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মহাসড়কের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর সংশ্লিষ্ট ধারায় তাদের মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ওই ধারায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড সহ ১বছরের কারাদণ্ডের বিধান থাকলেও আদালত ব্যবসায়ীদের প্রতি সহানুভূতিশীল হয়ে কারাদণ্ডের পরিবর্তে শুধু অর্থদণ্ডের সাজা প্রদান করেন।

এর আগে গত ১৬ আগস্ট বরঙ্গাইল হাটে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে খোলামেলা পরিবেশে মাংস বিক্রির অভিযোগ নিয়ে ‘দৈনিক বিজনেস ফাইল’, ‘বিশ্ব মিডিয়া’সহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে মহাসড়কের ধুলাবালি, যানবাহনের ধোঁয়া, মাছি ও ময়লার মধ্যে মাংস বিক্রির বিষয়টি তুলে ধরা হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।

স্থানীয়রা জানান, বরঙ্গাইল হাটে প্রতি সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার বড় ধরনের হাট বসে। এ সময় আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। মহাসড়কের পাশে খোলা অবস্থায় মাংস বিক্রি হওয়ায় খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ ছিল।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার বলেন, খাদ্য হিসেবে মাংস অত্যন্ত সংবেদনশীল একটি পণ্য। তাই এটি জবাই, সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা জরুরি। গণমাধ্যমে বিষয়টি উঠে আসার পর আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি। আজ সরেজমিনে অভিযান পরিচালনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার স্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন