প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স এবং ৪৮টি ভারতীয় ‘Vigore’ যৌন উত্তেজক ট্যাবলেট।
বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানার পল্টন কলাবাগান এলাকার নদীসংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ওই এলাকায় অবস্থান নিয়ে চোরাচালানি চালানের অপেক্ষায় ওত পেতে থাকে। দীর্ঘ সময় পর দুই ব্যক্তিকে কাঁধে ব্যাগ নিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের আটক করার জন্য ধাওয়া করলে তারা ব্যাগটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে বিজিবির সদস্যরা ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স ও ৪৮টি ভারতীয় ‘Vigore’ যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেন। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মূল্য ও অন্যান্য আইনগত প্রক্রিয়া যাচাই শেষে তা শুল্ক গুদাম, রাজশাহীতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন