প্রকাশিত: ১৭ ঘন্টা আগে, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহী নগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ ও সংলগ্ন ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) তিনি কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদ ও সংলগ্ন ঈদগাহ মাঠ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে মসজিদ কমিটির নেতৃবৃন্দ ওযুখানা নির্মাণ, মসজিদ রংকরণসহ বিভিন্ন উন্নয়নকাজের বিষয়ে প্রশাসকের সহযোগিতা কামনা করেন। জবাবে মাহফুজুর রহমান রিটন মসজিদের উন্নয়নকাজে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় কাদিরগঞ্জ এলাকার রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাসিকের প্রকৌশল বিভাগকে নির্দেশনা দেন তিনি। পরে মসজিদ ও ঈদগাহ কমিটির পক্ষ থেকে রাসিক প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এরপর রাসিক প্রশাসক কাদিরগঞ্জ দড়িখরবোনা ঈদগাহ মাঠ পরিদর্শন করেন। সেখানে ঈদগাহের উন্নয়ন ও সম্প্রসারণের বিষয়ে কমিটির সদস্যরা তাঁর সহযোগিতা কামনা করেন। প্রশাসক ঈদগাহের উন্নয়ন ও সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং মাঠ সম্প্রসারণসহ সার্বিক উন্নয়নকাজের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগকে নির্দেশনা দেন।
পরিদর্শনকালে কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ কমিটির সভাপতি মাসুদুর রহমান নিলু, সাধারণ সম্পাদক তারেক হাসান, ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মো. রেজাউল করিম, সহসভাপতি নাজমুল ইসলাম আয়নাল, সাধারণ সম্পাদক মো. অহিদুল ইসলাম রিয়াসুল, মসজিদের খতিব হাফেজ মাওলানা আফতাব আহম্মেদ, রাসিকের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দিন আরজু, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী মো. শাহেদুজ্জামান জীবন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ সিটি কর্পোরেশনের প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া মসজিদ ও ঈদগাহ কমিটির সদস্য, মুসল্লি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন