প্রকাশিত: ১০ সেপ্টেম্বার, ২০২৬, ১১:৪২ পিএম

অনলাইন সংস্করণ

গোরহাঙ্গা ফ্লাইওভারের কাজ দ্রুত শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি সড়কের খানাখন্দ মেরামত ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গোরহাঙ্গা রেলগেট এলাকা পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের এ নির্দেশ দেন। এ সময় নির্মাণাধীন ফ্লাইওভারের অগ্রগতি, সড়কের বর্তমান অবস্থা, ড্রেনেজ ব্যবস্থাসহ সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন তিনি।
পরিদর্শনকালে রাসিক প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরে ফ্লাইওভারগুলোর নির্মাণকাজ স্থবির হয়ে ছিল। দায়িত্ব গ্রহণের পর নাগরিকদের দুর্ভোগ লাঘবে ফ্লাইওভারগুলোর নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তিনটি ফ্লাইওভারের নির্মাণকাজ সম্পন্ন করে নাগরিকদের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
তিনি বলেন, নগরবাসীর স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করা, জলাবদ্ধতা নিরসন এবং অন্যান্য নাগরিক দুর্ভোগ কমাতে সিটি কর্পোরেশন গুরুত্ব দিয়ে কাজ করছে। চলমান উন্নয়নকাজগুলো নির্ধারিত সময়ের মধ্যে যথাযথভাবে সম্পন্ন করার পাশাপাশি নির্মাণকাজের মান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
মো. মাহফুজুর রহমান রিটন আরও বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে সরকারের নির্দেশনা অনুযায়ী রাজশাহী সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। গোরহাঙ্গা রেলগেট ও আশপাশের এলাকার সড়কের খানাখন্দ দ্রুত মেরামত এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, আগামী ১২ সেপ্টেম্বর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী রাজশাহী সিটি কর্পোরেশনের সব ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হবে। নগরবাসীর সহযোগিতায় ডেঙ্গুমুক্ত নগরী গড়ে তুলতে সিটি কর্পোরেশন কাজ করছে।
পরিদর্শনকালে রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম আহম্মেদ হোসেন মাসুম, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন