প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৫:১৪ পিএম

অনলাইন সংস্করণ

সীমান্তে বিজিবির অভিযানে ৫০০ ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ

রাজশাহী, ব্যুরো চিফ
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে রাজশাহীর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, মহাপরিচালকের নির্দেশনায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর রাতে মাদক পাচারের একটি চালান আসার তথ্য পায় বিজিবি।
পরে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর খিদিরপুর বিওপির একটি আভিযানিক দল কাটাখালী থানার পূর্ব বাতান এলাকার একটি আমবাগানে অবস্থান নেয়। দীর্ঘ সময় অপেক্ষার পর রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে এক ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।
বিজিবি সদস্যরা তাকে আটকের জন্য ধাওয়া করলে ওই ব্যক্তি বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ৫০০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটাখালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন