প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী, ব্যুরো চিফ
রাজশাহী বিভাগে বর্তমানে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। কৃষকের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি মজুত, সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় নিয়মিত নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত দামে সার বিক্রির সুযোগ যাতে কেউ নিতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।
সভায় রাজশাহী বিভাগের সার্বিক প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সারের বাজার পরিস্থিতি বিশেষভাবে পর্যালোচনা করা হয়।
বিভাগীয় কমিশনার বলেন, কৃষকের চাহিদা অনুযায়ী সময়মতো সার সরবরাহ নিশ্চিত করতে হবে। ডিলার পর্যায়ে সারের মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত তদারকি করতে হবে। সারের সংকট নিয়ে বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্য ছড়িয়ে যাতে জনমনে উদ্বেগ তৈরি না হয়, সেদিকেও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। গুজবের পরিবর্তে প্রকৃত তথ্য যাচাই করে জনগণের সামনে তুলে ধরার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, মৌসুমভিত্তিক সার সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের সঠিক সময়ে সার প্রয়োগ, কম্পোস্ট ও জৈব উপাদান ব্যবহারে উৎসাহিত করতে হবে। এতে মাটির উর্বরতা ও স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি কৃষি উৎপাদন টেকসই হবে। সীমান্তবর্তী এলাকায় সার পাচার রোধেও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
সভায় ডেঙ্গু পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি বাড়ানোর পাশাপাশি আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়েও সভায় আলোচনা হয়। দীর্ঘদিনের বিরোধ ও জটিলতা দ্রুত নিরসনে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।
সরকার নির্ধারিত সময় অনুযায়ী রাত ৮টার পর দোকানপাট ও মার্কেট বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও সভায় বলা হয়। একই সঙ্গে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ, যাচাই ও অনুমোদন কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় জানানো হয়, আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়নে জেলা, উপজেলা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরগুলোকে লক্ষ্যমাত্রাভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। মাদক পাচার ও কারবার বন্ধের পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী বলেন, রাজশাহী বিভাগের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সরকারি সব দপ্তরকে সমন্বয় ও টিমওয়ার্কের ভিত্তিতে কাজ করতে হবে। পারস্পরিক সমন্বয়, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সরকারি সেবার মান বাড়াতে হবে। একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডের সুফল দ্রুত জনগণের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন