প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী ,ব্যুরো চিফ
জুলাই গণ-অভ্যুত্থানকে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর একক কৃতিত্ব হিসেবে উপস্থাপন না করার আহ্বান জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, এই আন্দোলনের সফলতা এসেছে ছাত্র, তরুণ, সাধারণ মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে। তাই এর গৌরব পুরো জাতির।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজশাহীর মোহনপুরে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি ও জুলাই শহীদদের স্মরণে উপজেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, আন্দোলনের কঠিন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ও দমন-পীড়নের মুখেও মানুষ পিছিয়ে যায়নি। অভিভাবকরাও সন্তানদের আন্দোলন থেকে বিরত না রেখে তাদের পাশে দাঁড়িয়েছিলেন। দীর্ঘদিনের গুম, হত্যা, অনিয়ম, দুর্নীতি, আর্থিক খাতের নানা অনিয়ম এবং রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভই গণঅভ্যুত্থানের মাধ্যমে বিস্ফোরিত হয়েছিল।
তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা ও জনকল্যাণমূলক ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি কাজ করবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিভিন্ন জনকল্যাণমূলক পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, পরিবার, কৃষক ও শ্রমজীবী মানুষের জন্য পৃথক সহায়তা কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর ক্ষমতায়নের মতো বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রতি বছর ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালনের ওপর গুরুত্বারোপ করে তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এর আগে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে মোহনপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাকশিমইল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার সামসুজ্জোহা, বাচ্চু রহমান, রাজশাহী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেন, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সালাউদ্দিন শাহসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন