প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:০৭ পিএম

অনলাইন সংস্করণ

পুষ্পস্তবকে জুলাই শহীদদের প্রতি আরডিএর শ্রদ্ধা, স্মৃতিস্তম্ভে নীরব সম্মান নিবেদন

ব্যুরো চিফ, রাজশাহী
জুলাই শহীদ দিবস উপলক্ষে মহান জুলাই গণআন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে।
বুধবার সকাল ৯টায় রাজশাহী মহানগরীর সিএনবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আরডিএর পক্ষ থেকে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মসিউর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিক, নগর পরিকল্পক রাহেনুল ইসলাম রনী, এস্টেট অফিসার বদরুজ্জামানসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
এ সময় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের সাহস, ত্যাগ ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মকে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে অনুপ্রাণিত করবে। শহীদদের আদর্শ ধারণ করে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তাঁরা।
জুলাই শহীদ দিবস উপলক্ষে আরডিএর এই শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি শহীদদের প্রতি প্রতিষ্ঠানের গভীর সম্মান, কৃতজ্ঞতা ও জাতীয় চেতনার প্রতি অঙ্গীকারের প্রতীক হিসেবে পালিত হয়।

মন্তব্য করুন