প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১২:২২ পিএম

অনলাইন সংস্করণ

৪-০ গোলে কাজাখস্তানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক
উইমেন’স জুনিয়র এশিয়া কাপ হকি খেলায় চীনের হুলুনবুইর সিটিতে মঙ্গলবার কাজাখস্তানকে ৪-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এর আগে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে এবং পাকিস্তানকে ৫-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালের মঞ্চ নিশ্চিত করেছে বাংলাদেশ।

ম্যাচের তৃতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন শারিকা রিমন। প্রথম কোয়ার্টারের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন লিজা আক্তার।

দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি। ২-০ ব্যবধানেই এগিয়ে থেকে শেষ কোয়ার্টারে যায় বাংলাদেশ।

চতুর্থ কোয়ার্টারের শুরুতে আবারও আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশের মেয়েরা। ৪৬ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান ৩-০ করেন লিমা। এরপর ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন শারিকা রিমন। তাতেই ৪-০ গোলের সহজ জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এ নিয়ে টুর্নামেন্টে টানা তিনটি জয় পেল বাংলাদেশ। নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে বুধবার হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

মন্তব্য করুন