প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১২:১৯ এ এম

অনলাইন সংস্করণ

বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পে পেশাগত মান, নৈতিকতা ও সুষ্ঠু প্রতিযোগিতা প্রতিষ্ঠায় গোলটেবিল বৈঠক

বিজনেস ফাইল ডেস্ক
বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পে পেশাগত মান উন্নয়ন, নৈতিক ব্যবসায়িক চর্চা প্রতিষ্ঠা এবং সুষ্ঠু প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাঁধন স্যানিটারি অ্যান্ড টাইলসের কর্ণধার কাজী সাফায়েতের উদ্যোগ ও সহযোগিতায় আয়োজিত এ বৈঠকে দেশের ইন্টেরিয়র ডিজাইন খাতের পেশাগত উন্নয়ন, ব্যবসায়িক নীতিমালা এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (IDAB) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং IDAB Excellence in Interior Design Award 2026-এর চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সরন, যিনি CCL Interior Design-এর প্রধান নির্বাহী ও প্রিন্সিপাল ডিজাইনার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন IDAB-এর ভাইস প্রেসিডেন্ট ও DWL Architects & Interior-এর কর্ণধার আর্কিটেক্ট সজীব জাহান।

এ ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন BD Interior-এর কর্ণধার এস এম রেজাউল হক।, Sara Interior-এর সমন সাহেব এবং Design Doctors Studio-এর সফিউল ইসলাম বাবু।
ইন্টেরিয়র ডিজাইন কনসেপ্ট এর কর্ণধর এনামুল হক, Karigar Interior এর CEO & Interior Designer  Sumon Kumar । দেশের শীর্ষস্থানীয় ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ আলোচনায় শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, পেশাগত দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

বৈঠকের মূল প্রতিপাদ্য

বৈঠকের মূল প্রতিপাদ্য ছিল “বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পে পেশাগত মানদণ্ড, নৈতিক চর্চা ও ব্যবসায়িক নির্দেশিকা প্রতিষ্ঠা”।

আলোচনায় অংশগ্রহণকারীরা মনে করেন, বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পের ক্রমবর্ধমান বিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে পেশাগত মানদণ্ড, স্বচ্ছ ব্যবসায়িক নীতি, নৈতিক আচরণ এবং সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকের প্রধান আলোচ্য বিষয়

১. সাইট ভিজিট ও পরামর্শ ফি নির্ধারণ

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইন্টেরিয়র ডিজাইনার ও ডিজাইন প্রতিষ্ঠানগুলোর সাইট ভিজিট, পরিমাপ এবং প্রাথমিক পরামর্শের জন্য যৌক্তিক ন্যূনতম ফি নির্ধারণের প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়।

২. ইন্টেরিয়র ডিজাইন ফি নির্ধারণ

প্রতি বর্গফুট অনুযায়ী ডিজাইন কনসালটেন্সি ফি নির্ধারণের ক্ষেত্রে গ্রহণযোগ্য ন্যূনতম মানদণ্ড প্রণয়নের বিষয়টি গুরুত্ব পায়। এর মাধ্যমে ডিজাইন সেবার মান বজায় রাখা, ডিজাইনারদের পেশাগত মর্যাদা রক্ষা এবং অস্বাস্থ্যকর মূল্য প্রতিযোগিতা কমানোর সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

৩. কর্মী নিয়োগ ও এনওসি নীতিমালা

এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে পূর্ববর্তী প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র (NOC) বা প্রয়োজনীয় ছাড়পত্রের বিষয়টি আলোচনায় উঠে আসে। একই সঙ্গে কর্মীদের পেশাগত অধিকার, প্রতিষ্ঠানের স্বার্থ এবং স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

৪. পেশাগত নৈতিকতা ও সুষ্ঠু প্রতিযোগিতা

অযৌক্তিক মূল্য কমিয়ে প্রতিযোগিতা, অন্যের ডিজাইন কনসেপ্ট অনুমতি ছাড়া ব্যবহার এবং অনৈতিক উপায়ে ক্লায়েন্ট সংগ্রহের মতো বিষয় প্রতিরোধে পেশাগত নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। ডিজাইনারদের সৃজনশীলতা, মেধাস্বত্ব ও পেশাগত সম্মান রক্ষায় সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তাও আলোচিত হয়।

পেশাগত ঐক্য ও শিল্পের ভবিষ্যৎ উন্নয়ন

বৈঠকে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন যে, ইন্টেরিয়র ডিজাইন কেবল একটি সৃজনশীল পেশা নয়, বরং এটি স্থাপত্য, নান্দনিকতা, প্রযুক্তি, পরিকল্পনা এবং গ্রাহকের জীবনযাত্রার মান উন্নয়নের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাই এ শিল্পের টেকসই উন্নয়নের জন্য ডিজাইনার ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, পেশাগত শৃঙ্খলা এবং নৈতিক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন।
আয়োজকদের প্রত্যাশা, এই গোলটেবিল বৈঠকে উত্থাপিত প্রস্তাবগুলো নিয়ে ভবিষ্যতেও আলোচনা অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট পেশাজীবী, প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগে বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পের জন্য গ্রহণযোগ্য পেশাগত নির্দেশিকা গড়ে উঠবে এবং এ খাত আরও সুসংগঠিত, মর্যাদাপূর্ণ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়ে উঠবে।

মন্তব্য করুন