প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
শাহিন, রাজশাহী
রক্ত দিলে হয় না ক্ষতি, রক্ত দিবো চারমাস প্রতি, এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুর্গাপুর রক্তযোদ্ধা ফাউন্ডেশনের উদ্যোগে দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রক্তদানে সচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং জরুরি প্রয়োজনে রক্তের সহজলভ্যতা নিশ্চিত করার লক্ষ্যে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।
আয়োজকরা বলেন, দুর্গাপুর রক্তযোদ্ধা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে রক্তদান সহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের গুরুত্ব তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, দুর্গাপুর রক্তযোদ্ধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক পারভেজ মনি, দুরন্ত মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. স্বপন আহমেদ, উপজেলা বিডি ক্লিনের সমন্বয়ক আঃ করিম, মেডিকেল টেকনোলজিস্ট মাহাবুর রহমান শরীফ, ফেসবুক অ্যাক্টিভিস্ট ফয়সাল কবির, স্বেচ্ছাসেবী ও শিক্ষক ইমামুল হাসাম এবং রক্তযোদ্ধা ফাউন্ডেশনের সদস্য মো. অনিক।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছায় রক্তদানের মানসিকতা গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
তাঁরা বলেন, রক্তের অভাবে যেন কোনো মুমূর্ষু রোগীকে জীবন দিতে না হয়, সে জন্য সমাজের সর্বস্তরের মানুষকে রক্তদানে এগিয়ে আসতে হবে।
রক্তদান একটি মানবিক উদ্যোগ। নিয়ম মেনে ও উপযুক্ত স্বাস্থ্যগত যোগ্যতা নিশ্চিত করে রক্তদানে একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব। তাই রক্তের গ্রুপ জানা, রক্তদানে সচেতন হওয়া এবং স্বেচ্ছাসেবামূলক কাজে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
মন্তব্য করুন