প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৯:০০ পিএম

অনলাইন সংস্করণ

রাজশাহীর গ্রিন ও ক্লিন সিটির প্রশংসায় নরওয়ের ডেপুটি মেয়র

রাজশাহী ব্যুরো
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র শার্লট বেকম্যান ফিনস্ট্যাড। এ সময় পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে রাজশাহীর ভূয়সী প্রশংসা করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজশাহী ও ক্রিস্টিয়ানস্যান্ড শহরের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, নগর ব্যবস্থাপনা এবং বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে দুই শহরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা ও নগর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তাঁরা। এসব ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইতিবাচক অগ্রগতি অর্জন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।

বৈঠকে রাজশাহীর সবুজ ও পরিচ্ছন্ন নগরীর পরিবেশের প্রশংসা করেন ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র। দুই শহরের মধ্যে সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ও ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র শার্লট বেকম্যান ফিনস্ট্যাড পরস্পরের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

এ সময় ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের উপদেষ্টা ওডা ওলাইন ওমডাল, ক্রিস্টিয়ানস্যান্ড-রাজশাহী ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড্যাগ কিউলফভিগে, ক্রিস্টিয়ানস্যান্ড সিটি স্কুলের সিনিয়র উপদেষ্টা জন আইনার কোভাম, স্ট্রমী ফাউন্ডেশনের চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সিনিয়র উপদেষ্টা কিয়ালস্টেইন মেলহুস ভেনাস, সংস্থাটির সিনিয়র উপদেষ্টা ও এশিয়া প্রোগ্রাম ম্যানেজার ক্রিস্টিয়ান নিউম্যান এবং স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাজশাহী-ক্রিস্টিয়ানস্যান্ড ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড. শিখা বিশ্বাস ও সাধারণ সম্পাদক প্রকৌশলী লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

রাসিকের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট ও হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এবং পরিকল্পনা বিভাগের নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দীন আরজুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য করুন