প্রকাশিত: ১৯ অক্টোবার, ২০২৬, ০৫:১০ পিএম

অনলাইন সংস্করণ

রাজশাহীতে ৭,৩৭৫ পিস ইয়াবাসহ ট্রাক ও চালক আটক, পলাতক ১

​রাজশাহী ব্যুরো 
রাজশাহী জেলার দুর্গাপুরে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭,৩৭৫ পিস ইয়াবা ও একটি ট্রাক উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।  
​আজ ১৯ অক্টোবর (২০২৬ খ্রি.) রাত আনুমানিক ০১:০৫ ঘটিকায় দুর্গাপুর থানাধীন গোপালপাড়া এলাকার পান হাটার সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  
​পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ইয়াবাবেচাকেনার উদ্দেশ্যে অবস্থানরত একটি ট্রাক ও দু'জন ব্যক্তির উপস্থিতি টের পেয়ে পুলিশ তাদের ঘিরে ফেলে। পুলিশ দেখে পালানোর চেষ্টাকালে চালক মোঃ শামীম রেজা (২৬)-কে আটক করা হয়। আটক শামীম রেজা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বালিয়াদিঘী গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে।  
​পরবর্তীতে তল্লাশি চালিয়ে জব্দকৃত ট্রাকটির (ঢাকা মেট্রো-ট-২২-৬৫৫৫) ড্রাইভিং সিটের নিচে বিশেষ কৌশলে রাখা ৩৮টি জিপারযুক্ত প্যাকেট থেকে মোট ৭,৩৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  
​এ ঘটনায় জড়িত অপর মাদক ব্যবসায়ী মোঃ জনা আলী (২৮) কৌশলে পালিয়ে যায়। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার দানিয়েলপুর এলাকার মোঃ তোহরুল ইসলামের ছেলে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।  
​উদ্ধারকৃত ইয়াবা ও ট্রাক জব্দের এ ঘটনায় গ্রেপ্তারকৃত এবং পলাতক আসামির বিরুদ্ধে দুর্গাপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য করুন