প্রকাশিত: ৯ অক্টোবার, ২০২৬, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহীতে সনাতন বিদ্যার্থী সংসদ আয়োজিত ‘বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা-২০২৬’-এর বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহ প্রদান এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ আয়োজন করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) রাজশাহীতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাতন বিদ্যার্থী সংসদ, রাজশাহী জেলার আহ্বায়ক সঞ্জীবন কুমার ব্যানার্জী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র কলেজের অধ্যক্ষ রঞ্জিত কুমার সাহা, রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমির প্রধান শিক্ষক রাজেন্দ্রনাথ সরকার ও সহকারী প্রধান শিক্ষক অনল কুমার মণ্ডল, দিনাজপুরের হাজী দানেশ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সৌরভ পাল চৌধুরী, প্রাইম হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী প্রশান্ত কুমার দেবনাথ, সনাতন বিদ্যার্থী সংসদ, রাজশাহীর মহালয়া ও বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা-২০২৬-এর আহ্বায়ক ইন্দ্রানী ব্যানার্জী মৌমিতা এবং বিশিষ্ট সমাজসেবক মির্জা পারভেজ রিপন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বৃত্তি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের অধ্যবসায়, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এ আয়োজন অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় আয়োজক সংগঠনের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন