প্রকাশিত: ৯ অক্টোবার, ২০২৬, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহীর বাঘা উপজেলায় যৌথ অভিযান চালিয়ে একটি একনলা কাটা বন্দুক, একটি ২২ বোরের এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিদের দুটি রিকলও পাওয়া গেছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল পৌনে ৮টা থেকে বাঘা থানার চকরাজাপুর ও গড়গড়ি ইউনিয়নের চরাঞ্চলে এ অভিযান শুরু হয়। রাজশাহী জেলা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নৌ-পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ টি এম মাইনুল ইসলামের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে চকরাজাপুর ইউনিয়নের মানিকের চর গ্রামের মো. আমজাদ হোসেনের কলাবাগান থেকে একটি .২২ বোরের এয়ারগান উদ্ধার করা হয়। একই ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামের রাজা ব্যাপারীর বাড়ির পশ্চিম পাশে একটি খেজুরবাগান থেকে উদ্ধার করা হয় একনলা কাটা বন্দুক।
এ ছাড়া গড়গড়ি ইউনিয়নের চাঁনপুর গ্রামে রুহুল আমিনের বসতবাড়ির পাশ থেকে পাঁচটি ধারালো হাসুয়া ও একটি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে একজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামিদের দুটি রিকল পাওয়া গেছে। উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চরাঞ্চলে পরিচালিত এ যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন