প্রকাশিত: ১৪ মিনিট আগে, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ
বিজনেস ফাইল প্রতিবেদক
অর্থনীতি ও অবকাঠামো খাতে গতিশীলতা আনতে সরকার একই সঙ্গে রাজস্ব আদায় প্রক্রিয়া এবং উন্নয়ন প্রকল্পে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। একদিকে মন্ত্রিসভায় ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে, অন্যদিকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা আনতে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
নতুন সংশোধনী অনুযায়ী, প্রতি তিন কর মেয়াদ শেষে একবার দাখিলপত্র দেওয়ার বিদ্যমান নিয়মের পরিবর্তে এখন থেকে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে তা জমা দিতে হবে। নির্ধারিত ১৫তম দিন সরকারি ছুটি হলে পরবর্তী কার্যদিবসে তা জমা দেওয়া যাবে।
তবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার সুযোগ পাবে। আইন মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষে এটি চূড়ান্তভাবে কার্যকর হবে।
অন্যদিকে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে (ও সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে) আয়োজিত এই সভায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য স্বাস্থ্য, কৃষি, পানিসম্পদ, স্থানীয় সরকার, ভৌত অবকাঠামো এবং শিল্প ও শক্তি খাতের মোট ১৫টি নতুন ও সংশোধিত প্রকল্প চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান জানান, উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে যক্ষ্মা, এইচআইভি ও ম্যালেরিয়া প্রতিরোধে সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা, পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, যশোর, সৈয়দপুর ও রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের রানওয়ে উন্নয়ন এবং মুন্সিগঞ্জ ও ভোলায় নদীভাঙন রোধে সমন্বিত বন্যা ব্যবস্থাপনা প্রকল্প।
এছাড়া ডিজিটাল পদ্ধতিতে আধুনিক ভূমি ব্যবস্থাপনা স্থাপন, কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ এবং তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ সম্প্রসারণসহ জনগুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রকল্প আজকের সভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
মন্তব্য করুন